নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে (সেজান জুসের কারখানা) লাগা আগুনে নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এসব লাশ হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে। শুক্রবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫টি অ্যাম্বুলেন্সে করে ৪৯টি মরদেহ ঢামেকে আনা হয়। ফায়ার সার্ভিসের লিডার মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার পর ওই কারখানায় আগুন লাগে। আজ দুপুর পর্যন্ত ওই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন লাগার পর গতকাল সন্ধ্যায় তিনজনের মৃত্যুর কথা জানা গিয়েছিল। আজ দুপুর ২টা পর্যন্ত নিহতের সংখ্যা তিনেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এরপরই হঠাৎ করে খবর আসে প্রচুর লাশ উদ্ধারের। ভবনের ৪ তলা থেকে এসব লাশ উদ্ধার করা হয়। বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে ৪ তলা থেকেই ৫০ জনের মতো লাশ উদ্ধার হয়েছে। ভবনের ৫ ও ৬ তলায় ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো প্রবেশ করতে পারেনি। নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।